আগষ্টিন প্রতাপ গমেজ
চেয়ারম্যান
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ
সম্মানিত সদস্য-সদস্যা ও শুভাকাঙ্খীবৃন্দ,
প্রথমেই আমি ও আমার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই সমবায়ী প্রীতি ও শুভেচ্ছা। বিগত ৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ নির্বাচন অত্যন্ত সুষ্ঠ-সুন্দর পরিবেশে ও সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভোট প্রয়োগের মাধ্যমে পরিচালিত হয়েছে যা সমাজে ও সমবায় অঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে পরিগণিত হয়েছে । নির্বাচনে আপনারা আমাকে ও আমার পরিষদকে ভোট প্রদান করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে সোসাইটির উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করেছেন। আমি আজ অত্যন্ত কৃতজ্ঞচিত্তে সকল সদস্য-সদস্যাদের ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিদায়ী ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন ও তার পরিষদকে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সোসাইটির নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিটি, ঢাকা মহাধর্মপ্রদেশ কর্তৃক মনোনীত পর্যবেক্ষণ কমিটির সম্মানিত পর্যবেক্ষণগণ, স্টিয়ারিং কমিটিসহ সকল কমিটি-উপ কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিবৃন্দ, বিভিন্ন অঞ্চলের নির্বাচন পরিচালনাকারী ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীবৃন্দদের প্রতি।
আমি আজ কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করি ‘দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ’ এর সাতাশ জন নিবেদিতপ্রাণ প্রতিষ্ঠাতা সদস্যদের। যাদের অক্লান্ত পরিশ্রমে ১৯৭৭ খ্রিষ্টাব্দের ১৪ এপ্রিল, বাংলা নববর্ষের দিনে এই সোসাইটি প্রতিষ্ঠা লাভ করেছিল। প্রতিষ্ঠাতা সদস্যদের একটি স্বপ্ন ছিল রাজধানী ঢাকা শহরে খ্রিষ্টান সম্প্রদায়ের পরিবারগুলোর জন্য স্থায়ীভাবে বসবাসের লক্ষ্যে আবাসনের ব্যবস্থা করা। তাদের সেই স্বপ্ন আজ অনেকাংশেই বাস্তবায়িত হয়েছে। সোসাইটির প্রতিষ্ঠা লগ্নে তৎকালীন ঢাকার পরম শ্রদ্ধেয় আর্চবিশপ মাইকেল রোজারিও’র অবদানের প্রতি আজ আমরা কৃতজ্ঞতা ও শ্রদ্ধাভরে স্মরণ করছি। শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রতিষ্ঠালগ্ন হতে ব্যবস্থাপনা কমিটির সকল কর্মকর্তাদের।
আপনারা অবগত রয়েছেন যে, গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আমি আমার পরিষদ নিয়ে বিদায়ী ব্যবস্থাপনা কমিটির নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করি এবং ২৪ ফেব্রুয়ারি, সোমবার, তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে শপথ গ্রহণ করি। ঢাকার পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে আমাদের ২২জনকে শপথ বাক্য পাঠ করান। আমি এ জন্যে শ্রদ্ধেয় আর্চবিশপ মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই হাউজিং সোসাইটির দীর্ঘ ইতিহাসে ২০১২ খ্রিষ্টাব্দ হতে ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত দায়িত্বপালনকারী ব্যবস্থাপনা কমিটি ও কমিটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকশনের অবদানে সোসাইটির আয়বর্ধকমূলক প্রকল্প বাস্তবায়নসহ ব্যাপক উন্নয়ন কার্যক্রম সাধিত হয়েছে। তিনি সোসাইটির ২২২ কোটি টাকার সম্পদকে ৩৫০০ কোটি টাকার সম্পদের প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করিয়ে দিয়ে গেছেন। তার অসামান্য মেধা, জ্ঞান ও অক্লান্ত পরিশ্রমের অবদানের আজকে আমরা হাউজিং পরিবারে উন্নতির শিখরে উঠে আসতে পেরেছি। সোসাইটির প্রতি তার অবদান শুধু আমাদের কাছে নয়, সমাজের সকল স্তরে, সকল স্থানের দলমত নির্বিশেষে মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তিনি হাউজিং সোসাইটির দায়িত্ব পালনের পাশাপাশি সারাদেশের হাজারেরও বেশি সমবায় প্রতিষ্ঠান নিয়ে পরিচালিত কালবের মতো দেশের বৃহৎ অর্থনৈতিক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন-এটা তার মেধা, গুণ ও মানুষের ভালবাসারই ফসল। তিনি হাউজিং সোসাইটির যে আয়বর্ধকমূলক উন্নয়ন প্রকল্পগুলো রেখে গিয়েছেন আমরা তারই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাচ্ছি।
আমরা নির্বাচনের সময়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা যথাযথভাবে পালন করার দৃঢ় সংকল্প ব্যক্ত করছি। যে অসমাপ্ত কাজগুলো রয়েছে আমরা সেই কাজগুলোর পূর্ণ বাস্তবায়ন করবো। আমরা আপনাদের কষ্টের আমানত সর্বোচ্চ সুষ্ঠ ব্যবহারের মাধ্যমে যথাযথভাবে সংরক্ষণ করবো। আমরা জবাবদিহিতার নিশ্চিত করার লক্ষ্যে সকলের সহযোগিতায় এগিয়ে যাবো। আমরা সদস্যসেবা আরও বেগবান করে সর্বোচ্চ সেবা দিতে আপ্রাণ চেষ্টা করবো।
আমি হাউজিং সোসাইটির বর্তমান সম্পদ-পরিসম্পদ ও অবস্থান তুলে ধরতে চাই। হাউজিং সোসাইটির সুদীর্ঘ সময়ে সোসাইটিতে ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি সোসাইটির দায়িত্বভার গ্রহণ করলেও সোসাইটির উন্নয়নে গতিশলীতা তেমন বৃদ্ধি করতে সক্ষম হননি। বরং নানা অনিয়মে জর্জরিত হয়ে হাউজিং সোসাইটির উন্নয়ন নিম্নমূখী হয়েছিল। ২০১২ খ্রিষ্টাব্দে হাউজিং সোসাইটিতে ত্রাতা হয়ে ব্যবস্থাপনা কমিটির দায়িত্বভার গ্রহণ করেন চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন ও তার পরিষদ। সোসাইটির প্রতিষ্ঠাকালীণ সময় হতে পরবর্তী ৩৬ বছরে জমির পরিমাণ যেখানে ছিল ২৭৭ বিঘা সেখানে ২০১২ খ্রিষ্টাব্দ পরবর্তী মাত্র ১২ বছরে ১১০০ বিঘায় উন্নীত করতে সক্ষম হয়েছেন। ফ্ল্যাট প্রকল্প যেখানে ছিল ১২টি বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ২০৫ টি উন্নীত করতে সক্ষম হয়েছেন এবং ফ্ল্যাট সংখ্যা বর্তমানে ২১০৪টি এবং এতে ৪০০টি পরিবার বসবাসের সুযোগ পাচ্ছেন। সোসাইটির সদস্যদের আবাসন সুবিধার জন্য বর্তমানে ৮৬টি প্লট প্রকল্পে মোট ৪৮৫৫টি প্লট রয়েছে। আমি সোসাইটির এই সম্পদ-পরিসম্পদকে যথাযথ সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে ধারাবাহিকতা রক্ষা করে এগিয়ে যেতে দৃঢ় সংকল্প করছি। এমনকি সামনের দিনগুলো সদস্যদের কল্যাণে আরও নতুন নতুন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করার প্রত্যাশা ব্যক্ত করছি।